নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৯৩ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস। শুক্রবার (২৮ আগস্ট) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
জেনেভায় এক সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিগুলোর ফেডারেশনের (আইএফআরসি) নেপালবিষয়ক প্রতিনিধি দলের প্রধান ডেভিড ফিশার জানান, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত অন্তত ৯৩ হাজার মানুষের জরুরি ও ব্যাপক সহায়তা প্রয়োজন।
তিনি বলেন, নতুন করে আরেক দফা বন্যার আশঙ্কায় তারা উদ্বিগ্ন। জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাসবিষয়ক সংস্থার প্রধান কমল কিশোরও পরিস্থিতি নিয়ে সতর্ক করে বলেছেন, নেপালের দুর্যোগ পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। বিভিন্ন এলাকায় নতুন করে বিপর্যয় দেখা দিতে পারে।
সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র তারিক জাসারভিচ জানান, ভূমিধসে সংস্থাটির ছয়টি স্বাস্থ্যকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আটজন স্বাস্থ্যকর্মী এখনো নিখোঁজ রয়েছেন।
তিনি বলেন, বড় ধরনের দুর্যোগের পর মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে চলে আসায় সেখানে অতিরিক্ত চাপ তৈরি হয়। একই সঙ্গে বিশুদ্ধ পানি, পয়োনিষ্কাশন ও স্বাস্থ্যসেবা ব্যবস্থা ব্যাহত হলে সংক্রামক রোগের ঝুঁকিও বেড়ে যায়।
বিশেষ করে ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

অনলাইন ডেস্ক 


















