লালমনিরহাটে মসলা গবেষণা কেন্দ্র এলাকায় অভিযান চালিয়ে ১১৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে মসলা গবেষণা কেন্দ্র এলাকায় মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়।
আটকরা হলেন—লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব নওদাবাস এলাকার মো. শফিকুল ইসলামের ছেলে মো. আব্দুল খালেক (৩০) এবং আদিতমারী উপজেলার বড় কমলাবাড়ি এলাকার মো. তাজ উদ্দিনের ছেলে মো. হোসেন আলী (৩০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মসলা গবেষণা কেন্দ্র এলাকায় মাদক পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তাদের আটক করে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ১১৫ বোতল নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

জামিরুল হক সুজন উপজেলা প্রতিনিধি 


















