মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি-হুইলারে যাত্রী তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক ও শ্রমিকরা।
সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে এ অবস্থা চলছে। এতে বরিশাল ও কুয়াকাটার সঙ্গে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকার বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রী।
সকাল ১০টার দিকে বরিশালের বানারীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক-চালকদের সঙ্গে অভ্যন্তরীণ রুটের বাস শ্রমিকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বাস শ্রমিকদের অভিযোগ, শিমুলতলা এলাকায় থ্রি-হুইলারের মালিক ও শ্রমিকরা প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটকে রাখেন। খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও দুপুর পর্যন্ত কোনো সমাধান হয়নি।
এরপর বরিশাল বাস মালিক ও শ্রমিক নেতারা নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেন। এতে টার্মিনালে এসে অনেক যাত্রীকে ফিরে যেতে হয়েছে। কেউ কেউ বিকল্প যানবাহনের জন্য অপেক্ষা করছেন।
বাস মালিক ও শ্রমিকদের দাবি, মহাসড়কে নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচলের কারণে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। পাশাপাশি বিভিন্ন বাস কাউন্টারের সামনে থ্রি-হুইলার দাঁড় করিয়ে যাত্রী তোলায় বাস চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মহাসড়কে এসব যান চলাচল বন্ধের দাবি জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার বন্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত বাস চলাচল স্বাভাবিক করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। বানারীপাড়া থেকে বরিশালগামী যাত্রী মোতালেব মিয়া বলেন, জরুরি কাজে বরিশালে যাওয়ার জন্য বের হয়েছিলেন। কিন্তু বাস বন্ধ থাকায় পথে আটকে পড়েছেন। কখন বাস চলবে, তাও তিনি জানেন না।
বরিশালের জেলা প্রশাসক মামুন খন্দকার বলেন, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।

অনলাইন ডেস্ক 

















