গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখতে এবং তরুণ-যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে টাঙ্গাইলের বাসাইলে আয়োজন করা হয়েছে জমজমাট নৌকাবাইচ। গত শনিবার বিকেলে উপজেলার নন্দন বিলে ফুলকী দক্ষিণপাড়া যুবসমাজের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে মোট ২০টি কোষা নৌকা অংশ নেয়। নৌকাবাইচ দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা নন্দন বিলের দুই পাড়ে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে হাজারো মানুষের সমাগম ঘটে।
আবহমান গ্রামবাংলার লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য নৌকাবাইচ। একসময় বর্ষা মৌসুমে নদ-নদীতে মাঝিমাল্লাদের বৈঠার ছন্দ আর সারি গানের তালে জমে উঠত এমন আয়োজন। দূরদূরান্ত থেকে মানুষ নৌকাবাইচ দেখতে ছুটে আসতেন। তবে নগরায়ণ ও জীবনযাত্রার পরিবর্তনের কারণে ধীরে ধীরে এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে।
এমন পরিস্থিতিতে বাসাইলে নৌকাবাইচের আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। বিলের দুই পাড় দর্শনার্থীতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পুরুষের পাশাপাশি নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
আয়োজকরা জানান, ফুলকী ইউনিয়ন ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে প্রায় ২০টি কোষা নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। কোনো বড় নৌকা রাখা হয়নি; ১২ থেকে ১৫ হাত দৈর্ঘ্যের নৌকাগুলোই প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা বা ব্যক্তিকে অতিথি করা হয়নি। গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা, তরুণদের মাদক থেকে দূরে রাখা এবং স্থানীয় মানুষের বিনোদনের জন্যই যুবসমাজের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় বিজয়ী নৌকার জন্য পুরস্কার হিসেবে দেওয়া হয় ২৪ ইঞ্চি স্মার্ট টেলিভিশন।

অনলাইন ডেস্ক 


















