প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কোনো কাজ স্থবির হয়ে থাকলে দ্রুত তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সব ধর্ম ও মতের মানুষ যেন নিজ নিজ অবস্থান থেকে কথা বলতে পারেন, তা নিশ্চিত করতে ধর্ম মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টা করবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সুখী, সমৃদ্ধ ও সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।
তিনি ওলামায়ে কেরামদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, তাদের সঙ্গে যত বেশি যোগাযোগ হবে, ভুল-বোঝাবুঝি থাকলে তা তত সহজে দূর করা সম্ভব হবে।
ইসলাম ধর্মের পাশাপাশি অন্যান্য ধর্মের ধর্মীয় গুরুদের সঙ্গেও যোগাযোগ করবেন জানিয়ে তিনি বলেন, পারস্পরিক আলোচনা ও যোগাযোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি আরও সুদৃঢ় করা সম্ভব।
ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু ইসলাম ধর্মের নেতৃবৃন্দ নয়, অন্যান্য ধর্মাবলম্বী নেতা ও ধর্মীয় গুরুদের কাছেও যাওয়া তার দায়িত্বের অংশ।

অনলাইন ডেস্ক 


















