বাংলাদেশ নৌবাহিনীর প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম অ্যাডমিরাল পদে পদোন্নতি পেয়েছেন। রোববার সকালে বাংলাদেশ নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে জানানো হয়, রোববার বিমানবাহিনীর সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে অ্যাডমিরাল র্যাঙ্ক পরিয়ে দেন। এ সময় প্রধানমন্ত্রী তাকে পদোন্নতির জন্য অভিনন্দন জানান।
অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী বিভাগ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা, বিমানবাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, প্রতিরক্ষা সচিবসহ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন খোন্দকার মিসবাহ উল আজীম। দায়িত্ব গ্রহণের পর এবার অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন তিনি।

অনলাইন ডেস্ক 


















