সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন।
আখতার হোসেন বলেন, অবিলম্বে সাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। তার দাবি, পদত্যাগপত্রে অসুস্থতার অজুহাতসহ যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে, সেগুলো বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তা তাকে একটি ‘সেফ এক্সিট’ দেওয়ার প্রচেষ্টা বলে মনে হয়। তবে তার ভাষ্য অনুযায়ী, সাহাবুদ্দিনের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেগুলোর যথাযথ বিচার হওয়া উচিত।
তিনি আরও বলেন, ‘সাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন ফ্যাসিবাদের দোসর যদি বিচারের আওতায় না আসে, তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি বিচার পূর্ণতা পাবে না।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব না হলেও পদত্যাগের পর সেই বাধা আর নেই। তাই দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া উচিত বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 



















