টানা বর্ষণ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে গাজীপুরের বিভিন্ন মহাসড়কে হাঁটু সমান পানি জমে সৃষ্টি হয়েছে চরম যানজট। এতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়ে দুর্ভোগে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক, অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা।
সোমবার সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির পর ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে পানি জমে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। অনেক এলাকায় সড়কের পানি এতটাই বেড়ে যায় যে ছোট যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। অনেক মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি মাঝপথে বিকল হয়ে পড়ে।
দীর্ঘ যানজটে আটকা পড়ে কর্মস্থলে সময়মতো পৌঁছাতে পারেননি অনেক চাকরিজীবী। গণপরিবহনের যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে বসে থেকে চরম দুর্ভোগ পোহান। অনেককে আবার গন্তব্যে পৌঁছাতে হেঁটে যেতে দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই মহাসড়কে পানি জমে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা, অপরিকল্পিত উন্নয়ন এবং নিয়মিত ড্রেন পরিষ্কার না হওয়ায় এ সমস্যা দিন দিন প্রকট হচ্ছে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমজুড়ে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এদিকে যানজট নিরসনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ করলেও অতিরিক্ত যানবাহনের চাপ এবং জলাবদ্ধতার কারণে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা সম্ভব হয়নি।
ভুক্তভোগীরা জানান, মহাসড়কের জলাবদ্ধতা দূর করতে স্থায়ী ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, নিয়মিত ড্রেন পরিষ্কার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। তারা দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের জন্য অনুরোধ করেন।
গাজীপুরের মহাসড়কে হাঁটু সমান পানি, তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ
-
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার - প্রকাশের সময় : ১০ ঘন্টা আগে
- 10
জনপ্রিয় খবর




















