জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই।
রোববার (১২ জুলাই) ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর।
বিএনপি নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত জটিলতা ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। এসব কারণে তিনি বেশ কিছুদিন ধরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর আগে শনিবার (১১ জুলাই) রাতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের রাজনীতিতে একজন প্রবীণ ও অভিজ্ঞ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করলেও পরে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাকাল থেকেই তিনি দলটির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং দীর্ঘ সময় ধরে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন এবং সংসদ পরিচালনায় নিরপেক্ষতা, শালীনতা ও সংসদীয় রীতিনীতি অনুসরণের জন্য প্রশংসিত ছিলেন। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করার পক্ষে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

অনলাইন ডেস্ক 



















