রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির তদন্ত কর্মকর্তার আবেদনের পর এ আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ফেরদৌস রহমান গত ১ জুলাই মেননকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন নির্ধারণ করেন। নির্ধারিত দিনে তাকে আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
ক্ষমতার পরিবর্তনের পর ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দমনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান একটি মামলারও আসামি তিনি।
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম ও প্রতারণার মাধ্যমে পূর্বপরিচিত ১৩ জনকে নিয়োগ দেওয়ার অভিযোগে গত বছরের ২২ ডিসেম্বর রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদক।
মামলার অভিযোগে বলা হয়, বিধিমালা অনুসরণ না করে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি ও বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। এছাড়া এনটিআরসিএ সনদ ছাড়া প্রার্থীদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া, সর্বোচ্চ নম্বর পাওয়া প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে না দেওয়া এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যুর অভিযোগও রয়েছে।
এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন স্কুলটির সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সাবেক সদস্য সচিব অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আলমগীর হোসেন, গভর্নিং বডির কয়েকজন সাবেক সদস্য এবং নিয়োগপ্রাপ্ত একাধিক শিক্ষক।

অনলাইন ডেস্ক 


















