জাতীয়তাবাদী যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ে নতুন নেতৃত্ব গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়ে সাংগঠনিক টিম গঠন করে তৃণমূলের কমিটি পুনর্গঠনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
বুধবার (৮ জুলাই) রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মোনায়েম মুন্না জানান, যুবসমাজকে সংগঠনের রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে। রক্তদান, ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরও কার্যকর করা হবে। একই সঙ্গে যুবদল-সংক্রান্ত সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা দীর্ঘদিন সক্রিয় ভূমিকা পালন করেছেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংগঠনের ৭৮ জন নেতাকর্মী নিহত এবং শতাধিক আহত বা পঙ্গুত্ব বরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় যুবদল কঠোর অবস্থানে রয়েছে। বেআইনি, অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইতোমধ্যে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনের বিরুদ্ধে ফৌজদারি মামলাও করা হয়েছে।
মোনায়েম মুন্না বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ বেআইনি কর্মকাণ্ড চালাতে পারবে না। ভবিষ্যতেও শৃঙ্খলা ও সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ৪ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির একাধিক সভা, বিভাগীয় নেতাদের সঙ্গে মতবিনিময়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
এছাড়া কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নে ১০ বিভাগে ৩১টি সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। এসব টিমের প্রতিবেদন পর্যালোচনা করে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, যুগ্ম সিনিয়র সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক 


















