প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেন এবং একই উদ্যোগে মন্ত্রীদেরও অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত এক মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বিষয়টি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর প্রস্তাব মেনে নেওয়া বা না নেওয়া সম্পূর্ণ মন্ত্রীদের ব্যক্তিগত সিদ্ধান্ত।
স্বাস্থ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বলেন, তাঁর বাবা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রতি মাসে নিজের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতেন, যাতে সেই অর্থ দরিদ্র মানুষের কল্যাণ বা সরকারি প্রয়োজনে ব্যয় করা যায়।
প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে তাঁর মূল বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। সেই হিসাবে তিনি প্রতি মাসে ১১ হাজার ৫০০ টাকা সরকারি কোষাগারে জমা দেন। বেতন ব্যাংক হিসাবে জমা হওয়ার পর তিনি ওই অর্থ চেকের মাধ্যমে সরকারের নির্ধারিত হিসাবে ফেরত দেন।
একই সঙ্গে তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, যদি তাঁদের পক্ষে সম্ভব হয় এবং তাঁরা সম্মত থাকেন, তাহলে তাঁরাও প্রতি মাসে নিজেদের বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিতে পারেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর এই আহ্বানে বৈঠকে উপস্থিত মন্ত্রীরা ইতিবাচক সাড়া দেন। তিনি বলেন, সবাই বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং প্রধানমন্ত্রীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

অনলাইন ডেস্ক 



















