গাজীপুরে লিথী গ্রুপের পাঁচটি পোশাক কারখানা একযোগে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এতে প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বুধবার (১ জুলাই) গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় কারখানাগুলোর প্রধান ফটকে এ-সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়।
বন্ধ ঘোষণা করা কারখানাগুলো হলো— এ্যাপারেল-২১ লিমিটেড, ফমকম ফ্যাশন লিমিটেড, ফমকম ডাইং লিমিটেড, ফমকম প্রিন্টিং লিমিটেড এবং ফমকম নিটিং লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষের নোটিশে বলা হয়, গ্যাস সংযোগ বন্ধ, ক্রয়াদেশ কমে যাওয়া, ভবিষ্যৎ ক্রয়াদেশের অনিশ্চয়তা, বারবার শ্রম অসন্তোষ, পণ্যের বিক্রয়মূল্য কমে যাওয়া এবং সময়মতো ব্যাংকিং সহায়তা না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে বড় ধরনের লোকসানের মুখে রয়েছে। এ পরিস্থিতিতে কারখানা পরিচালনা করা আর সম্ভব না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে ব্যবসা পরিচালনার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে পুরোনো দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার দিয়ে পুনরায় নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার ভিত্তিতে শ্রমিকদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ করা হবে।
এদিকে কারখানা চালু এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় মানববন্ধন করেন শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, আর্থিক সংকটের কারণ দেখিয়ে গত ৭ জুন থেকে ফমকম ফ্যাশন লিমিটেড বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী বন্ধ ঘোষণা করা হয়। কর্তৃপক্ষ মে মাসের বেতন ২৩ জুন পরিশোধের আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে তা পরিশোধ করা হয়নি। তাই তারা বকেয়া বেতন, কারখানা পুনরায় চালু এবং সব পাওনা পরিশোধের দাবি জানিয়েছেন।
কারখানা বন্ধ ঘোষণার পর মালিকপক্ষের কোনো প্রতিনিধিকে কারখানায় পাওয়া যায়নি। নোটিশে উল্লেখিত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসেন বলেন, বিভিন্ন কারণ উল্লেখ করে বুধবার থেকে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে গাজীপুরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক প্রকৌশলী এম এম মামুন-অর-রশিদ জানান, শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের বিষয়ে দ্রুত টঙ্গীতে অধিদপ্তরের কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকের মাধ্যমে শ্রমিকদের সমস্যার সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনলাইন ডেস্ক 
















