দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের চার জেলায় আজ দুপুরের মধ্যেই তীব্র কালবৈশাখী ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ৮ বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়া অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ শুক্রবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে প্রবল বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সকালে ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে।
লঘুচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়া ও বিজলি চমকানোসহ বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
সারাদেশে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪১ মিনিটে।
আবহাওয়াবিদদের মতে, বর্তমানে লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যার ফলে এই মৌসুমি ঝড়-বৃষ্টির প্রবণতা তৈরি হয়েছে।

অনলাইন ডেস্ক 



















