সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে পুকুর খনন করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (২ ফেব্রুয়ারি) উপজেলার ঝুরঝুরি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
তাড়াশ উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ওই এলাকায় অবৈধভাবে পুকুর খনন করা হচ্ছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ জেড এম নাহিদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযান চলাকালে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী, অবৈধ খননকাজের সঙ্গে জড়িত থাকার দায়ে জুয়েল রানা (২৫) নামক এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত জুয়েল রানা পাবনা জেলার বেড়া উপজেলার দয়রামপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
অভিযান চলাকালীন পুকুর খননের কাজে ব্যবহৃত একটি ভেকু (এস্কাভেটর) মেশিন জব্দ করে প্রশাসন। তবে পরবর্তীতে মালিকের জিম্মায় সেটি অক্ষত অবস্থায় হস্তান্তর করা হয়। একই সাথে অভিযুক্তকে কঠোরভাবে সতর্ক করে বলা হয়েছে যে, ভবিষ্যতে পুনরায় এ ধরনের অবৈধ কাজের পুনরাবৃত্তি ঘটলে জরিমানার পরিমাণ দ্বিগুণসহ কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তাড়াশ প্রতিনিধি 

























