নাটোর জেলার সিংড়া উপজেলার প্রত্যন্ত গ্রাম খড়মকুড়ি। নিভৃত এই গ্রামের শিক্ষক দম্পতি মো. আব্দুর রাকিব ও মোছা. আলীমা খাতুনের ছোট মেয়ে রুকাইয়া তাসনিম অদ্রি এবারের এসএসসি পরীক্ষায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ কেন্দ্র থেকে বিজ্ঞান বিভাগে অংশ নেয় অদ্রি। পরীক্ষায় সে ১,২৫০ নম্বরের মধ্যে ১,১৮৬ নম্বর পেয়ে ওই কেন্দ্রের সর্বোচ্চ নম্বরধারী হিসেবে সাফল্যের শীর্ষে অবস্থান করছে। প্রতিটি বিষয়ে তার গড় নম্বর দাঁড়িয়েছে ৯৫।
অদ্রির এই অসামান্য অর্জনে পরিবারসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বইছে। দুই সন্তানের মধ্যে ছোট মেয়ের এমন কৃতিত্বে গর্বিত তার শিক্ষক পিতা-মাতা। মেয়ের এই উজ্জ্বল সাফল্যের পেছনে যে সকল শিক্ষক-শিক্ষিকা শুরু থেকে অক্লান্ত পরিশ্রম ও দিকনির্দেশনা দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই শিক্ষক দম্পতি।

সিংড়া (নাটোর) প্রতিনিধি 



















