পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রমকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির পাশাপাশি অসাধু ব্যক্তি ও দালালচক্রের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে উপজেলা প্রশাসন। ফ্যামিলি কার্ডের নাম ব্যবহার করে কেউ যেন সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় কিংবা অনৈতিক সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর বিকেল ৪টায় মহিপুর ইউনিয়ন পরিষদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এর মধ্য দিয়ে মহিপুর ইউনিয়নে এ কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এদিকে ফ্যামিলি কার্ড কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান। তাঁর স্বাক্ষরিত ৮ নভেম্বর ২০২৬ তারিখের এক সরকারি চিঠিতে এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হিসেবে কলাপাড়া উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে। এ কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের মধ্যে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং সচেতনতা সৃষ্টি করা অত্যন্ত জরুরি।
এতে ফ্যামিলি কার্ডের জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মনিবন্ধন সনদ এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আবেদনকারীর নিজের নামে নিবন্ধিত সচল মোবাইল নম্বর প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে চিঠিতে স্পষ্টভাবে জানানো হয়েছে, ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা মধ্যস্থতাকারীকে কোনো ধরনের টাকা-পয়সা কিংবা কমিশন দেওয়ার প্রয়োজন নেই। কেউ ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে অর্থ দাবি করলে বা আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাকে কোনো অর্থ না দিয়ে বিষয়টি যাচাই করতে বলা হয়েছে। এ ধরনের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের এ সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে স্থানীয় সচেতন নাগরিকদেরও সাধারণ মানুষকে সঠিক তথ্য জানাতে এবং প্রতারণা প্রতিরোধে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে গ্রামের সহজ-সরল মানুষ যেন কোনো অসাধু চক্রের মিথ্যা আশ্বাস, প্রলোভন কিংবা বিভ্রান্তির শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, ফ্যামিলি কার্ডের কার্যক্রম সফল ও স্বচ্ছভাবে বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সচেতন সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি 


















