রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে তার ১৫ বছর বয়সী ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার মামলায় একমাত্র আসামি লিমন মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক দুটি ধারায় তাকে ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ড এবং তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ-২ আদালতের বিচারক রেজাউল করিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। হত্যাকাণ্ডের এক বছর পূর্ণ হওয়ার একদিন আগে মামলার রায় ঘোষণা করা হলো।
দণ্ডপ্রাপ্ত লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের বাসিন্দা।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৩ নভেম্বর রাজশাহী নগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের ভাড়া বাসায় হামলা চালান লিমন। এ সময় বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হন বিচারকের স্ত্রীও।
ঘটনার পর পুলিশ লিমন মিয়াকে আটক করে। আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ১৪ নভেম্বর বিচারক আবদুর রহমান নিজে বাদী হয়ে রাজপাড়া থানায় লিমনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিচার চলাকালে মামলার বাদী ও তৎকালীন রাজশাহী মহানগর দায়রা জজ আবদুর রহমানসহ মোট ২৮ জন সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মহানগর পিপি আলী আশরাফ মাসুম বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, এ ঘটনা আইন ও বিচার বিভাগের ওপর হুমকি। বিচারকের স্ত্রীর কাছ থেকে টাকা ধার নিয়ে ফেরত না দেওয়াকে কেন্দ্র করে হত্যাকাণ্ডটি ঘটেছে বলেও জানান তিনি।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন অর রশিদ জানিয়েছেন, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

অনলাইন ডেস্ক 


















