নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ও সন্ত্রাসবিরোধী মামলার আসামিসহ মাদকসেবী এবং নিয়মিত মামলার মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সোনারগাঁ থানা এলাকায় দিনব্যাপী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ১৮ জনের মধ্যে বৈষম্যবিরোধী মামলায় দুজন, সন্ত্রাসবিরোধী মামলায় দুজন, নিয়মিত মামলায় দুজন এবং মাদক সেবনের অভিযোগে ১২ জন রয়েছেন।
বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার (৪৯) এবং মোগড়াপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব (৪৪)। পুলিশ জানায়, আসাদ সরকার পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদ সরকারের ছোট ভাই এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ওই ইউনিয়নের সক্রিয় সদস্য। অপরদিকে মাহাবুব উল্লাহ ওরফে রাজিব আওয়ামী যুবলীগের মোগড়াপাড়া ইউনিয়নের সহসভাপতি ছিলেন।
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দুজন হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার সাগর (২৮) এবং পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূইয়া (৪৩)। পুলিশের দাবি, সাগর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের জামপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং শাহরিয়ার ইমন ভূইয়া একই ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী ছিলেন।
এছাড়া নিয়মিত মামলায় দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া (৩৮) ও কোবাগা এলাকার শান্ত মিয়া (২২) গ্রেপ্তার হয়েছেন।
অন্যদিকে, মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ জন হলেন সুকুরদী এলাকার রমজান (৩৮), গোহাট্টা এলাকার মারুফ হাসান (২২) ও রুবেল (৩৮), আষাড়িয়ারচর এলাকার আবু হানিফ (২৪), ইসলামপুর এলাকার রাব্বি (২১), নেত্রকোনার পূর্বধলা এলাকার শিমুল (২১), নুনেরটেকের রিফাত (১৯), হাবিবপুরের মেহেদী হাসান (২২), টানপাড়া এলাকার শাহিন ভূইয়া (২৫), প্রভাকরদী মীরেরবাগ এলাকার আমজাদ (৩৫), সনমান্দি পশ্চিমপাড়া এলাকার ইমন মিয়া (১৯) এবং অর্জুনদী (আমিনপুর) এলাকার ইমন (২৭)।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অনলাইন ডেস্ক 


















