চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জনপদ দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে স্টেশনটিতে ট্রেনটির স্টপেজ না থাকায় দর্শনাসহ আশপাশের বিভিন্ন এলাকার যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
দর্শনা এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানির অবস্থানস্থল এবং একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরী। এখানকার বাসিন্দাদের পাশাপাশি জীবননগর, পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, কার্পাসডাঙ্গা, জয়রামপুর, লোকনাথপুর, বাস্তপুরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় রেলসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি স্থানীয়দের।
এ পরিস্থিতিতে দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ।
তিনি বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জনপদ। প্রতিদিন নানা প্রয়োজনে অসংখ্য মানুষকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। কিন্তু চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের বাড়তি দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
চঞ্চল মেহমুদ সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি দ্রুত দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবি জানান। একই সঙ্গে দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে রেলপথ অবরোধের মতো কর্মসূচি গ্রহণের কথাও ভাবা হচ্ছে বলে জানান। তবে যেকোনো আন্দোলন শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
আহ্বানে:
চঞ্চল মেহমুদ
সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক
দর্শনা প্রেসক্লাব
দর্শনা, চুয়াডাঙ্গা।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি 


















