তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সম্ভাবনাময় উদ্যোগে অর্থায়ন নিশ্চিত করতে নাটোরের গুরুদাসপুরে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ে কার্যরত সব তফসিলি ১৯ টি ব্যাংক যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। এতে লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।
কর্মশালায় সভাপতিত্ব করেন রাকাবের গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক মিজান ফরায়েজি। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক সাদিউল হাসান বলেন, সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রম একজন সফল উদ্যোক্তার মূল চাবিকাঠি। তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা তৈরি করতে হবে। উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হবে।
এ সময় অগ্রণী ব্যাংকের চাঁচকৈড় শাখার ব্যবস্হাপক আনোয়ার হোসেন, জনতা ব্যাংকের চাঁচকৈড় শাখার ব্যবস্হাপক সজল মাহমুদ, ইসলামী ব্যাংকের চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান, সোনালী ব্যাংকের ব্যবস্থাপক একেএম রাকিবুল ইসলাম, উত্তরা ব্যাংকের ব্যবস্থাপক মাহফুজুর রহমানসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শিকারপুর শাখার ব্যবস্থাপক মো. মশিউর রহমান।

আয়নাল হক,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 


















