বগুড়ায় গভীর রাতে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে কেক কাটার আয়োজন থেকে দেশীয় অস্ত্রসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দিনগত রাতে নগরীর দত্তবাড়ি এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজ থেকে কাউসার (৩৫) নামের ওই নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেন যুবদলের নেতাকর্মীরা।
আটক কাউসার বগুড়া মহানগরীর ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
জানা গেছে, বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দত্তবাড়ি এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে গোপনে কেক কাটার আয়োজন করা হয়। এ খবর পেয়ে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমির নেতৃত্বে নেতাকর্মীরা সেখানে যান। পরে স্থানীয় যুবদল ও পুলিশের উপস্থিতিতে গ্যারেজের ভেতর থেকে দেশীয় অস্ত্রসহ কাউসারকে আটক করা হয়।
বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি বলেন, গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি গ্যারেজে গিয়ে কেক কাটার আয়োজন দেখতে পান তারা। তাদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র নিয়ে প্রতিহত করার চেষ্টা করলে পুলিশ ও যুবদলের নেতাকর্মীরা কাউসারকে হাতেনাতে আটক করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা বগুড়ার মাটিতে বরদাশত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, কাউসার নামের একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। ওই গ্যারেজ থেকে কিছু দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

অনলাইন ডেস্ক 


















