রাজশাহী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সোয়া ১১টায় জেলা প্রশাসন, রাজশাহীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এমপি উপস্থিত ছিলেন। এছাড়া ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য মো. আবু সাইদ চাঁদসহ রাজশাহীর বিভিন্ন সংসদ সদস্য অংশ নেন।
সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মতবিনিময় সভায় রাজশাহী জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি মাদকদ্রব্য উদ্ধারে থানার অফিসার ইনচার্জদের সক্রিয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া জেলার উন্নয়নমূলক কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন, সরকারি দপ্তরগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং জনসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার বিষয়ে মতামত তুলে ধরেন।

অনলাইন ডেস্ক 


















