ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডে ছেলের গ্রেপ্তার এবং জানাজায় হেনস্তার ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন বিতর্কে জড়িয়েছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর একটি কথিত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ঘটনাটিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) রাতে মুঠোফোনে ঢাকা পোস্টকে আব্দুল আজিজ বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
এর আগে বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করে সংবাদ সম্মেলন করেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। উপজেলার নয়াবাজারে দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী বলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি কথিত ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি তাঁদের নজরে এসেছে। তাঁর দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সংসদ সদস্যের ছবি বা ভিডিও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটির সত্যতা ও উৎস যাচাই-বাছাই করার আহ্বান জানান মোহাম্মদ আলী। পাশাপাশি যারা ভিডিওটি ছড়িয়ে দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।
এদিকে, সংসদ সদস্য আব্দুল আজিজের কথিত আপত্তিকর ভিডিওর বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ ঢাকা পোস্টকে বলেন, তাঁরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির বিষয়ে জানতে পেরেছেন। এ বিষয়ে আগামী শুক্রবার দলের একটি জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি আরও বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে থাকায় এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত তাঁর কাছে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গুরুদাসপুর প্রতিনিধি 


















