নাটোরের সিংড়ায় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল করিম সরকার (৬২) নামে এক মাছচাষির মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর হাতিয়ান্দহ ইউনিয়নের পাটসাঁঐল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম ওই গ্রামের মৃত হাশেম আলী সরকারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার সকালে পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য পুকুরপাড়ে নির্মিত ছোট একটি ঘরে যান রেজাউল করিম। ঘরটিতে আগে থেকেই একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে ছিল। ওই তারের কারণে ঘরটি বিদ্যুতায়িত হয়ে থাকায় সেখানে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
বিদ্যুতের সংস্পর্শে ঘটনাস্থলেই রেজাউল করিমের মৃত্যু হয়। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে ছুটে আসেন।
রেজাউল করিমের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

অনলাইন ডেস্ক 


















