বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি গুরুতর অসুস্থতার কথা উল্লেখ করলেও সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের দাবি, এর পেছনে রাজনৈতিক চাপও ভূমিকা রেখেছে।
তবে বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের ঘটনা নতুন নয়। স্বাধীনতার পর এ পর্যন্ত মো. সাহাবুদ্দিনসহ সাতজন রাষ্ট্রপতি বিভিন্ন সময়ে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। আবার দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন দুজন রাষ্ট্রপতি এবং দায়িত্বে থাকাকালে মৃত্যুবরণ করেছেন একজন।
রাজনৈতিক ও সামরিক পটভূমিতে পদত্যাগ
রাজনৈতিক ও সামরিক অস্থিরতার কারণে রাষ্ট্রপতির পদ ছাড়তে বাধ্য হওয়া প্রথম ব্যক্তি ছিলেন বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সামরিক অভ্যুত্থানের পর তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নেন। একই বছরের ৩ নভেম্বর আরেক সামরিক অভ্যুত্থানের পর ক্ষমতা ছাড়তে বাধ্য হন।
সপ্তম রাষ্ট্রপতি আবদুস সাত্তার রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং পরে নির্বাচিত রাষ্ট্রপতি হন। কিন্তু ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের পর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
এরশাদ পরে রাষ্ট্রক্ষমতা গ্রহণ করে ১৯৮৬ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন। দীর্ঘ স্বৈরশাসনের বিরুদ্ধে গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর তিনি পদত্যাগ করতে বাধ্য হন।
সংসদীয় ব্যবস্থায় প্রথম পদত্যাগ
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনর্বহালের পর প্রথম রাষ্ট্রপতি হিসেবে পদত্যাগ করেন একিউএম বদরুদ্দোজা চৌধুরী।
২০০১ সালে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর ২০০২ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে না যাওয়াকে কেন্দ্র করে বিএনপির ভেতরে তীব্র অসন্তোষ দেখা দেয়। অভিশংসনের আলোচনা শুরু হলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। পরে বিএনপিও ছাড়েন।
রাষ্ট্রব্যবস্থার পরিবর্তনে পদত্যাগ
স্বাধীনতার পর রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের অংশ হিসেবে বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির পদ ছাড়েন। পরে তিনি বৈদেশিক সম্পর্কবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব গ্রহণ করেন।
তার পর রাষ্ট্রপতি হন মোহাম্মদ মোহাম্মদউল্লাহ। ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা চালুর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে তিনি পদত্যাগ করেন। পরে উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করলেও একই বছরের ৭ নভেম্বর সেই পদ থেকেও সরে দাঁড়ান।
দায়িত্ব পালনকালে নিহত ও মৃত্যুবরণ
বাংলাদেশের ইতিহাসে দায়িত্ব পালনকালে নিহত হয়েছেন দুজন রাষ্ট্রপতি। প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেনা অভ্যুত্থানে নিহত হন। ষষ্ঠ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে সামরিক অভ্যুত্থানে নিহত হন।
এ ছাড়া ২০১৩ সালে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণ করেন ১৪তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান।

অনলাইন ডেস্ক 


















