খাগড়াছড়ি ও রাঙামাটির সীমান্তবর্তী সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি আশঙ্কামুক্ত।
স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রাত ৯টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন দুর্বৃত্ত শুকনোছড়া এলাকায় অরুণা চাকমার বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় অরুণা চাকমাকে উদ্ধার করে স্থানীয়রা দীঘিনালা সেনা জোনে নিয়ে যান। সেখানে সেনাবাহিনীর মেডিক্যাল অফিসারদের একটি দল তাকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, রোববার রাতে স্বজনরা গুলিবিদ্ধ এক নারীকে হাসপাতালে নিয়ে আসেন। তার উরুতে গুলি লেগেছিল। চিকিৎসা দেওয়ার পর বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উল্লেখ্য, এর আগে গত ৯ মে ভোরে একই এলাকায় দুর্বৃত্তদের গুলিতে কেগেরা চাকমা ওরফে লেত্তবাপ নামে ইউপিডিএফের (প্রসীতপন্থি) এক কালেক্টর নিহত হন।

অনলাইন ডেস্ক 



















