কুষ্টিয়ায় দিনদুপুরে বাসার সামনে এক স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে কুষ্টিয়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই তাকে কুষ্টিয়া মডেল থানায় নেওয়া হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ প্রথম আলোকে জানান, ছুরিকাঘাতের ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে অভিযান শুরু করে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করার পাশাপাশি তার অবস্থান নিশ্চিত করে পুলিশ। পরে রাত সাড়ে ১২টার দিকে পাটিকাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ওই এলাকায় নিজের খালার বাড়িতে আত্মগোপনে ছিল সে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, রাতেই কিশোরের বিরুদ্ধে হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত কিশোরকে একমাত্র আসামি করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে নেওয়া হবে।
এর আগে গতকাল সোমবার বেলা ১টা ১১ মিনিটে কুষ্টিয়া শহরের একটি বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। দশম শ্রেণির ওই শিক্ষার্থী স্কুল থেকে নির্বাচনী পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পর ভবনের নিচে দাঁড়িয়ে কলবেল বাজাচ্ছিল। এ সময় পেছন থেকে এক কিশোর তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তার শরীরের অন্তত ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
আহত স্কুলছাত্রীকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সে বর্তমানে শঙ্কামুক্ত রয়েছে।
ঘটনার পর পুলিশ বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে। তাকে আটক করতে তার বাড়িতে অভিযান চালানো হলেও সেখানে কাউকে পাওয়া যায়নি। ঘটনার পর বাড়িতে তালা দিয়ে পরিবারের সদস্যরা চলে যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কিশোরের বাবা ও একমাত্র বড় ভাই প্রবাসে থাকেন। সে তার মায়ের সঙ্গে বাড়িতে বসবাস করে। অভিযুক্ত নিজেও দশম শ্রেণির শিক্ষার্থী।

অনলাইন ডেস্ক 


















