খাগড়াছড়িতে বিএনপির কার্যালয় ও একটি জিপ গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে প্রতিবন্ধকতা তৈরির পাশাপাশি একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) মধ্যরাতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড়পিলাক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের আসবাবপত্রসহ পুরো স্থাপনা পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে, খাগড়াছড়ি শহরের পানখাইয়া সড়কে দাঁড়িয়ে থাকা একটি চাঁদের গাড়িতে (জিপ) আগুন দেওয়া হয়। রাত আড়াইটার দিকে কেএসটিসি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। গাড়ির মালিক মোহাম্মদ শাহীন জানান, রাতের আঁধারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাঁর গাড়িতে আগুন দেয়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মুকুল কুমার নাথ জানান, ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পাঁচ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, রাতের আঁধারে কে বা কারা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন আটজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
অন্যদিকে, সোমবার মধ্যরাতে জেলার দীঘিনালা সড়কের সাত মাইল ও মাটিরাঙা সড়কের রিছাং ঝরনা এলাকায় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এছাড়া আলুটিলা এলাকায় একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা গাড়িটিতে আগুন দিয়েছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অনলাইন ডেস্ক 


















