রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোককে শক্তিতে রূপান্তর করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মঙ্গলবার সকালে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আয়োজনে অনুষ্ঠিত ‘মাইলস্টোন ট্র্যাজেডি শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ২০২৫ সালের ২১ জুলাইয়ের ভয়াবহ দুর্ঘটনা পুরো জাতিকে গভীর শোকে নিমজ্জিত করেছিল। সেই শোক আজও সবার হৃদয়ে বেদনার স্মৃতি হয়ে রয়েছে। তবে এই শোককে শক্তিতে পরিণত করে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে আহতদের সাহস, ধৈর্য ও দৃঢ়তা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
নিহতদের স্মরণ করে তিনি বলেন, “আজকের এই দিনটি আমাদের জাতীয় জীবনের এক বেদনাবিধুর অধ্যায়। যারা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের প্রতি গোটা জাতির গভীর সমবেদনা রয়েছে। আমি ক্ষতিগ্রস্ত সব পরিবারের প্রতি আন্তরিক শোক ও সহমর্মিতা জানাই।”
আহত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ভয়াবহ সেই অভিজ্ঞতার পরও তারা যেভাবে সাহসের সঙ্গে জীবনকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তিনি যুক্তরাজ্য, চীন, ভারত ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং চিকিৎসকদের সহযোগিতার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বক্তব্য শেষে ডা. জুবাইদা রহমান আহত ব্যক্তি ও নিহতদের স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ২০২৫ সালের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা দেশের ইতিহাসে এক বেদনাময় অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, সংকটময় সেই সময়ে সিঙ্গাপুর, ভারত, চীনসহ বিভিন্ন দেশের চিকিৎসক ও বিশেষজ্ঞরা যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছেন, তা মানবিক সহযোগিতার উজ্জ্বল দৃষ্টান্ত।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ড্যাবের সভাপতি ডা. হারুনুর রশীদ এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শাওন বিন রহমান।

অনলাইন ডেস্ক 



















