পটুয়াখালীর মহিপুর থানা যুব অধিকার পরিষদের সভাপতি ও জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান সংগঠনের সব ধরনের পদ ও রাজনৈতিক কার্যক্রম থেকে পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে সংগঠনের জেলা কমিটির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে সিদ্দিকুর রহমান সংগঠনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে লিখেছেন, “আমি কিছু ব্যক্তিগত কারণে, দলের প্রতি সম্মান রেখে সকল পদ-পদবী থেকে পদত্যাগ করলাম।” চিঠিতে তিনি একই সাথে মহিপুর থানা শাখার সভাপতির দায়িত্ব এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদকের পদ থেকেও অব্যাহতি নেওয়ার কথা উল্লেখ করেছেন।
সিদ্দিকুর রহমানের এই আকস্মিক পদত্যাগ স্থানীয় রাজনীতির অন্দরমহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম রুম্মান দৈনিক চলনবিল প্রবাহকে পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “আমি পদত্যাগপত্র হাতে পেয়েছি। তিনি মূলত ব্যক্তিগত কারণ দেখিয়েই স্বেচ্ছায় দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।”
উল্লেখ্য যে, মহিপুর থানা যুব অধিকার পরিষদের এই কমিটিতে এটিই প্রথম পদত্যাগ নয়। এর আগে গত ২৪ জুলাই ২০২৫ তারিখে একই কমিটির সাধারণ সম্পাদকও ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছিলেন। পরপর শীর্ষ দুই নেতার পদত্যাগের ফলে মহিপুর থানা কমিটির সাংগঠনিক কার্যক্রমে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বলে মনে করছেন তৃণমূল কর্মীরা।

মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধি 


















