পাবনার চাটমোহর উপজেলায় মাদকবিরোধী অভিযানে তিন মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (১১ জুলাই) হরিপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজন মাদকসেবীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— তেবাড়িয়া গ্রামের মো. মকবুল হোসেনের ছেলে মো. স্বাধীন হোসেন (২৬), হরিপুর চৌধুরীপাড়া গ্রামের মো. আইনুল হোসেনের ছেলে মো. সুজন হোসেন (২০) এবং হরিপুর দিয়ারপাড়া গ্রামের মো. আলতাফ হোসেনের ছেলে মো. আকাশ হোসেন (২০)।
ভ্রাম্যমাণ আদালতের আদেশ অনুযায়ী, রোববার দণ্ডপ্রাপ্তদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 



















