ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাটিরপাড়া গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকটি সম্পন্ন হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ জুনায়েদ হাসান।
বক্তব্যে তিনি বলেন, এ দেশের জনগণের প্রতিনিধিত্ব করতেই আমরা রাজনীতিতে এসেছি, যাতে দেশে আর কোনো ধরনের শোষণ চলতে না পারে। তিনি চাঁদাবাজি ও অবৈধ সুবিধা গ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারবদ্ধ। একটি মহল বিভ্রান্তি ছড়াতে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তবে বিভাজনের রাজনীতির বাইরে থেকে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৈঠকে আরও বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য রাজিবুল হাসান বাপ্পি, বিজয়নগর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু সাঈদ সরকার এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক।
বক্তারা বলেন, নৈতিকতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানভীর ভুইয়া, বিজয়নগর প্রতিনিধি 



















