শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার মর্যাদা সুরক্ষা, উন্নয়ন ও ভবিষ্যৎ নির্মাণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ। বক্তব্যে তিনি শিক্ষকদের পেশাগত মর্যাদা ও দায়িত্বের বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হেলাল উদ্দিন। এ সময় বক্তব্য দেন তিরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাহার, বড়াইগ্রাম বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আসাদ, বাগডোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, ধানাইদহ সিনিয়র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আকমোল হোসেন, আহমেদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসাহাক আলী, বনপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম লুৎফর রহমান এবং বনপাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোয়াজেম হোসেন।
বক্তারা বলেন, একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন এবং সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শুভ্র কুমার সাহা, স্টাফ রিপোর্টার 


















