ঢাকা বিভাগের গাজীপুর সদর উপজেলার লস্করচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বিসমিকা ২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে। গত ১২ জুলাই প্রকাশিত ফলাফলে এ সাফল্যের খবর জানা যায়।
ছোটবেলা থেকেই মেধাবী হিসেবে পরিচিত বিসমিকা লেখাপড়ার পাশাপাশি গান, নৃত্য ও অভিনয়েও সমান দক্ষতার পরিচয় দিয়ে আসছে। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের প্রশংসা কুড়িয়েছে।
এর আগে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের অধীনে ঢাকা আইডিয়াল এডুকেশন স্কুলের শিক্ষার্থী হিসেবে ধারাবাহিকভাবে তিনবার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে সে। দ্বিতীয় শ্রেণিতে ২০২২ সালে, তৃতীয় শ্রেণিতে ২০২৩ সালে এবং চতুর্থ শ্রেণিতে ২০২৪ সালে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে নিজের অসাধারণ মেধার স্বাক্ষর রাখে।
বিসমিকার বাবা মো. নাজমুল ইসলাম এবং মা মোছা. শম্পা বেগম। বাবা-মায়ের একমাত্র সন্তান বিসমিকা। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায় হলেও চাকরির সুবাদে পরিবারটি বর্তমানে গাজীপুরের সফিপুর এলাকায় বসবাস করছে। তার বাবা যমুনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সফিপুর স্পিনিং ডিভিশনে কর্মরত।
বিসমিকার ধারাবাহিক সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা অত্যন্ত আনন্দিত। তারা মনে করেন, তার অধ্যবসায়, পরিশ্রম ও বহুমুখী প্রতিভা ভবিষ্যতে আরও বড় সাফল্য বয়ে আনবে। সবার প্রত্যাশা, বিসমিকা উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং তার সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ইনশাআল্লাহ।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার 


















