শনিবার (৭ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন চিত্র দেখা যায়। সেখানে এসআরবি, পিজিআর, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের পাশাপাশি ফায়ার সার্ভিসের কর্মীরাও দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া সমাবেশের মঞ্চ ও আশপাশের এলাকায় ডগ স্কোয়াড মোতায়েনসহ নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সড়কে ব্যারিকেড বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে যান চলাচল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জানিয়েছেন, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টার মধ্যে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বিকেল ৩টায় তাঁর নেতৃত্বে শোভাযাত্রা বের হওয়ার কথা রয়েছে।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।
এর আগে শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শোভাযাত্রার বিস্তারিত রুট তুলে ধরেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

অনলাইন ডেস্ক 


















