চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহার ও পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা ধারণ করে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
জেলা প্রশাসক মিজ্ লুৎফুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

স্টাফ রিপোর্টার 


















