কলার মিশ্রণের সঙ্গে বিশেষ কৌশলে ইয়াবা লুকিয়ে পেটে ঢুকিয়ে পাচারের প্রস্তুতিকালে গাজীপুরের এক তরুণীকে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় ৮ এপিবিএনের পানবাজার পুলিশ ক্যাম্পের আওতাধীন এফডিএমএন ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকের নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শাকিলা খাতুন (২৩) ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শাকিলা পেটের ভেতরে ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতি নিচ্ছেন। পরে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ব্লকের মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতিতে অভিযান চালিয়ে তাকে আটক করেন।
তল্লাশির সময় তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ৫০টি করে ইয়াবা ট্যাবলেট ছিল।
পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা স্বীকার করেন, তিনি আরও কয়েকটি ইয়াবার প্যাকেট গিলে ফেলেছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রের মাধ্যমে তার পাকস্থলীতে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার পেট থেকে আরও ৬২টি প্যাকেট বের করা হয়।
আগে উদ্ধার করা ২০টি এবং পাকস্থলী থেকে বের করা ৬২টি প্যাকেটসহ মোট ৮২টি পলিথিনের প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে নিয়মিত মামলা দায়েরের জন্য তাকে উখিয়া থানায় সোপর্দের প্রক্রিয়া শুরু করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, বিষয়টি এপিবিএন পুলিশ জানিয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। তাকে থানায় আনা হলে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

স্টাফ রিপোর্টার 



















