”Metrology Building Trust in Policy Making” অর্থাৎ “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের ন্যায় পটুয়াখালীতেও বিএসটিআই ও জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ পালন করা হয়। পণ্যের সঠিক ওজন ও পরিমাপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে আস্থা সুদৃঢ় করার লক্ষ্যে বিএসটিআই, পটুয়াখালী ও জেলা প্রশাসন, পটুয়াখালী এর উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সম্মানিত জেলা প্রশাসকের দিকনির্দেশনা পটুয়াখালী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব অপু সারোয়ার এবং জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া।
সভার শুরুতে স্বাগত বক্তব্য এবং বিশ্ব মেট্রোলজি দিবসের মূল তাৎপর্য তুলে ধরে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিএসটিআই (BSTI) আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক ও অফিস প্রধান (অ.দা.) জনাব জয়দেব রাজবংশী।
উক্ত আলোচনা সভায় জেলার বিভিন্ন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা এবং অংশীজনরা অংশ নেন। এর মধ্যে জেলার বিভিন্ন পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) মালিক, জুয়েলারি বা স্বর্ণ ব্যবসায়ী, ছোট-বড় খাদ্য পণ্য উৎপাদনকারী কারখানার মালিক, বেকারি এবং মিষ্টি জাতীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পাশাপাশি পটুয়াখালীর স্থানীয় ও জাতীয় গণমাধ্যমের সংবাদ কর্মীবৃন্দও এই আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, ”যে কোনো দেশের টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক নীতি নির্ধারণে সঠিক পরিমাপ বা মেট্রোলজি একটি প্রধান স্তম্ভ হিসেবে কাজ করে। ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা বজায় রাখা এবং ভোক্তার অধিকার রক্ষায় সঠিক ওজন নিশ্চিত করা প্রতিটি ব্যবসায়ীর নৈতিক দায়িত্ব।”
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপস্থিত সকল ব্যবসায়ী ও কারখানা মালিকদের বিএসটিআই-এর নিয়মাবলী মেনে আন্তর্জাতিক মানসম্মত পরিমাপ ব্যবস্থা বজায় রেখে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজনরা এই ধরনের সচেতনতামূলক আয়োজনের জন্য জেলা প্রশাসন ও বিএসটিআই-কে ধন্যবাদ জানান এবং পটুয়াখালী জেলাকে একটি মডেল ও পরিচ্ছন্ন বাণিজ্যিক অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে দেশ ও দশের সমৃদ্ধি কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পটুয়াখালী প্রতিনিধি 


















