নাটোরে সাম্প্রতিক অস্থিরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা জোরদার করতে বিশেষ চেকপোস্ট অভিযান শুরু করেছে জেলা পুলিশ। জেলার গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথসহ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১০টা থেকে পুলিশ সুপার শরিফুল হকের দিকনির্দেশনায় এ বিশেষ অভিযান শুরু হয়। বিশেষ করে নাটোর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার শরিফুল হক ঢাকা পোস্টকে বলেন, নিষিদ্ধ সংগঠনের সদস্য ও দুষ্কৃতকারীরা মহাসড়কে এসে নাশকতামূলক কর্মকাণ্ড ঘটিয়ে আবার পালিয়ে যায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে নাটোরের প্রবেশ ও বের হওয়ার পথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো চেকপোস্টের আওতায় আনা হয়েছে। সন্দেহজনক কোনো যানবাহন পাওয়া গেলে তা তল্লাশি করা হবে। কোনো যানবাহনে দুষ্কৃতকারী পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা যেন নাটোরে আসার কথা চিন্তাও না করে। নাটোরকে এখন থেকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখা হবে। এ তল্লাশি কার্যক্রম নিয়মিত চলবে।
পুলিশ সুপার জানান, জেলার প্রতিটি থানায় এ তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের এ বিশেষ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

নাটোর প্রতিনিধি 



















