নওগাঁয় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার শ্রমিক আহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) সকালে সদর উপজেলার হাঁপানিয়া এলাকার হাজি ইসারত আলী চালকলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালে চালকলের শ্রমিকরা ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে চালকলের বয়লার বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে শ্রমিকরা ছোটাছুটি শুরু করেন।
পরে ধোঁয়া কিছুটা কমে এলে শ্রমিকরা চাতালে গিয়ে আব্দুল খালেককে পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আরও চার শ্রমিককে নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার সময় চাতালে কাজ করছিলেন নারী শ্রমিক হামিদা বেগম। তিনি বলেন, ‘হঠাৎ করেই বিকট শব্দ হয়। এরপর ধোঁয়ার কারণে আর কিছু দেখা যাচ্ছিল না। ধোঁয়া কমে গেলে ফিরে এসে দেখি খালেক ভাই পড়ে আছেন। জীবনের ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয়। চাতালগুলোতে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই। আমরা নিরাপদ পরিবেশে কাজ করতে চাই।’
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, নিহত আব্দুল খালেকের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনলাইন ডেস্ক 


















