পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলায় সার ডিলারের গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে গত দুই দিনে ২৯০ বস্তা ফেরত দিয়েছেন স্থানীয়রা। উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে এসব সার ফেরত দেওয়া হয়। এদিকে সার মজুতের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় এক সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে এ ঘটনায় দায়ের করা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, লুট হওয়া ৬১১ বস্তা সারের মধ্যে বুধবার পর্যন্ত ২৯০ বস্তা ফেরত পাওয়া গেছে। এর মধ্যে মঙ্গলবার ১১৪ বস্তা এবং বুধবার ১৭৬ বস্তা সার ফেরত দেওয়া হয়। এখনও ৩২১ বস্তা সার উদ্ধার করা সম্ভব হয়নি।
তিনি আরও জানান, বুধবার ছাইকোলা বাজারের তিনটি ডিলার পয়েন্ট থেকে দুই হাজার কৃষকের মধ্যে সরকার নির্ধারিত মূল্যে সার বিতরণ করা হয়। এ সময় বিসমিল্লাহ কৃষি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাবিবুর রহমান তাঁর গোডাউনে সার নেই বলে জানান। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাঁর গোডাউনে অভিযান চালিয়ে ৫০ বস্তা সার পাওয়া যায়। সার মজুতের তথ্য গোপন করে মিথ্যা তথ্য দেওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তুষার আহমেদ (২১) ছাইকোলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে। এর আগে একই দিন সকালে উপজেলার লাঙলমোড়া গ্রামের আলিফ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (২৮) গ্রেপ্তার হন। বুধবার সকালে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার দুপুরে চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়ন পরিষদের সামনে একটি টিনশেড ঘরে ডিলার প্রদীপ কুমার পাল সরকারি সার বিতরণ করছিলেন। একই সময়ে ছাইকোলা বাজারের আরও দুই ডিলার সার বিতরণ করছিলেন। একপর্যায়ে ওই দুই ডিলার সার বিতরণ বন্ধ করে দিলে কৃষকেরা প্রদীপ কুমার পালের দোকানে ভিড় করেন। এ সময় সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকেরা হট্টগোল শুরু করেন। পরে উত্তেজিত লোকজন ডিলারের টিনশেড ঘর ভাঙচুর করে সার লুট করেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর জেলা প্রশাসক আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খালিদ হাসান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক, উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ এবং চাটমোহর থানার ওসি অলিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে কৃষকদের নেওয়া সার ফেরত দেওয়ার আহ্বান জানানো হয়।
এ ঘটনায় তদন্তের জন্য গত সোমবার বিকেলে জেলা প্রশাসক আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালীকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাখাওয়াত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপপরিচালক (শস্য) লুৎফর রহমান।
ওসি অলিউর রহমান আরও জানান, সার গোডাউন ভাঙচুর ও লুটের ঘটনায় ডিলার প্রদীপ কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে সোমবার রাতে চাটমোহর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার 

















