সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর অভিযানে ১৯ দশমিক ৪০০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়।
র্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় সোমবার (২৬ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে সদর কোম্পানির একটি দল তাড়াশ থানাধীন মান্নান নগর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। মান্নান নগর থেকে রানীরহাটগামী পাকা সড়কের সরকার এন্টারপ্রাইজের সামনে থেকে গাঁজাভর্তি একটি ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. ছাইফুল ইসলাম (৪২) ও মো. নয়ন আলি (৩৩)। তারা দু’জনই নাটোর জেলার গুরুদাসপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের খামারনাচকৈড় এলাকার বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রাশিদুল হাসান, তাড়াশ প্রতিনিধি 
























