বিশ্বকাপের নকআউট পর্বে প্রতিটি ম্যাচই ‘বাঁচা-মরার’ লড়াই। একটি ছোট ভুলই বিদায় নিশ্চিত করতে পারে। তাই জাপানের বিপক্ষে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কোনো ধরনের আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সবচেয়ে আলোচিত প্রশ্ন ছিল—নেইমার কি এবার শুরুর একাদশে ফিরছেন? তবে আনচেলত্তির বক্তব্যে স্পষ্ট হয়েছে, ব্রাজিলিয়ান এই তারকা ফরোয়ার্ডকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা এখনো কম।
আনচেলত্তি বলেন, “নেইমার এখন অনেক ভালো অবস্থায় আছে। গত এক সপ্তাহে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে পুরো সময় সে দলের সঙ্গে অনুশীলন করতে পারেনি। তবে এখন ১৫ মিনিটের বেশি সময় খেলার জন্য সে পুরোপুরি প্রস্তুত।”
দীর্ঘ ৯৮১ দিন পর স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন নেইমার। ওই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে প্রায় ১৫ মিনিট খেলেছিলেন তিনি। জাপানের বিপক্ষে তার খেলার সময় আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, স্কটল্যান্ডের বিপক্ষে ফরোয়ার্ড মাতেউস কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না খেলানোর কৌশল সফল হয়েছে বলেও জানান আনচেলত্তি।
তিনি বলেন, “শেষ ম্যাচে কুনিয়াকে নির্দিষ্ট কোনো পজিশনে না রাখাটা আমাদের বাড়তি সুবিধা দিয়েছে। প্রতিপক্ষ যেন সহজে আমাদের পরিকল্পনা বুঝতে না পারে, সেজন্য খেলোয়াড়দের নিয়মিত পজিশন পরিবর্তন করা গুরুত্বপূর্ণ। ব্রুনো, পাকেতা ও কুনিয়া গত দুই ম্যাচে এই কৌশল দারুণভাবে বাস্তবায়ন করেছে।”
জাপানের বিপক্ষে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেক্ষেত্রে আগামী রোববার শেষ আটে ব্রাজিলের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট।

অনলাইন ডেস্ক 


















