প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাইডলাইনে আয়োজিত ‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ অনুষ্ঠানে বক্তব্য দিয়েছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ আয়োজনে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. খলিলুর রহমানও বক্তব্য দেন। তিনি নারী নেতৃত্বকে সিদ্ধান্ত গ্রহণের প্রান্তিক অবস্থান থেকে মূলধারায় নিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
খলিলুর রহমান বলেন, “নারীরা নেতৃত্ব দিলে বিশ্ব এগিয়ে যায়।”
‘ইউএনজিএ প্ল্যাটফর্ম অব উইমেন লিডার্স’ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয় (পিজিএ) ও ইউএন উইমেনের একটি বিশেষ উদ্যোগ। এতে বিভিন্ন দেশের বর্তমান নারী রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা অংশ নেন।
আন্তর্জাতিক এজেন্ডার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং পারস্পরিকভাবে সংযুক্ত ও জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সমাধানের পথ খুঁজে বের করাই এ প্ল্যাটফর্মের অন্যতম লক্ষ্য।

অনলাইন ডেস্ক 


















