পাবনার চাটমোহরে মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে থানা পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার দাথিয়া কয়রাপাড়া গ্রামের সবুজ খা (৩০), হোগলবাড়িয়া গ্রামের নাঈম হোসেন (২৮) এবং দাতিয়া গ্রামের রকিব সরদার (২১)। তারা পেশায় সবাই ইটভাটা শ্রমিক।
চাটমোহর থানার এসআই প্রদীপ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১০ মে) উপজেলার মাজগ্রাম এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় হাতেনাতে মাদকদ্রব্য ও সেবনের সরঞ্জামসহ ওই তিনজনকে আটক করা হয়।
আটকের পর তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী এর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। অপরাধ স্বীকার করায় আদালত তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা প্রশাসন জানায়, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারি বা সেবনকারীদের বিষয়ে তথ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করার জন্য উপজেলার সচেতন নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 


















