পাবনার চাটমোহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মো. শাকিল আহম্মেদ (২৬) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত শাকিল আহম্মেদ চাটমোহর থানার ছোট শালিখা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারিক কার্যক্রমে গাঁজা সেবন ও সংশ্লিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে অতিরিক্ত দুই মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
অভিযান পরিচালনায় চাটমোহর থানা পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে।
এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে জনসাধারণকে মাদক পরিহার করে সুস্থ জীবনযাপনের আহ্বান জানান তিনি।

অনলাইন ডেস্ক 



















