দেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিরুদ্ধে আগুন সন্ত্রাস, নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াসের অভিযোগ তুলে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রেলবাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচির শুরুতে রেলস্টেশন সংলগ্ন ইউনিয়ন বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেলবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাসের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আলো মাস্টার, উপজেলা বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিন, মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি লিটন বিশ্বাস, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্তাজ আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শওকত আকবর এবং উপজেলা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক খোকন প্রধান।
এ সময় বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

অনলাইন ডেস্ক 


















