পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযানে একটি গাঁজার গাছসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের সোন্ধভা গ্রামে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আবির হোসেনের ছেলে।
চাটমোহর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সাদ্দাম হোসেনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির আঙিনা থেকে প্রায় পাঁচ ফুট লম্বা একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাছটির আনুমানিক ওজন প্রায় ৫০০ গ্রাম।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার সকালে সাদ্দাম হোসেনকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

চাটমোহর প্রতিনিধি 
















