বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সম্পদ চলনবিলের ঐতিহ্য পুনরুদ্ধার এবং মৎস্য সম্পদকে বিশ্ববাজারে পৌঁছে দিতে আধুনিক ‘ফিশ প্রসেসিং সেন্টার’ স্থাপনের ঘোষণা দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার বিকেলে নাটোরের গুরুদাসপুর উপজেলার বৃ-পাথুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন।
প্রতিমন্ত্রী বলেন, “চলনবিল আমাদের জাতীয় সম্পদ। বিগত সরকার উন্নয়নের পরিবর্তে লুটপাটে মগ্ন থাকায় এই বিলের ঐতিহ্য হারিয়ে গিয়েছিল। আমরা চলনবিলের সেই সোনালী দিন ফিরিয়ে আনতে কাজ করছি। এখানে দ্রুতই ফিশ প্রসেসিং সেন্টার স্থাপন করা হবে, যার মাধ্যমে মাছ প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করা সম্ভব হবে।”
তিনি আরও যোগ করেন, “নাটোর শুধু কাঁচাগোল্লার জন্যই নয়, মাছ উৎপাদনের জন্যও সারাদেশে সেরা। বিগত আওয়ামী লীগ সরকার প্রাকৃতিক সম্পদে ভরপুর এই অঞ্চলের উন্নয়নে কোনো নজর দেয়নি, বরং জনগণের টাকা বিদেশে পাচার করেছে। আমরা ইনশাআল্লাহ চলনবিলের মাছের উৎপাদন বৃদ্ধি ও সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর।”
জনসভার আগে মৎস্য চাষী কল্যাণ সমিতির সম্মেলন উপলক্ষে আয়োজিত ‘মৎস্য মেলা’র উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। উদ্বোধনী বক্তব্যে তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, “জনগণের ভোটের অধিকার হরণ করে তারা ক্ষমতায় ছিল বলেই তাদের কোনো জবাবদিহিতা ছিল না। তবে এখন সময় পরিবর্তনের। স্থানীয় এমপি আব্দুল আজিজ সাহেবকে সাথে নিয়ে গুরুদাসপুর ও বিশেষ করে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত চাপিলা ও নাজিরপুর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন কার্যক্রম চালানো হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ। তিনি নিজ নির্বাচনী এলাকার মৎস্য খাতের সমস্যাগুলো তুলে ধরেন এবং সেগুলো সমাধানে প্রতিমন্ত্রীর সরাসরি সহযোগিতা কামনা করেন।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা মৎস্য চাষী কল্যাণ সমিতির সভাপতি ওমর আলী, স্থানীয় বিএনপি নেতা জাফর ইকবাল নয়ন, খামারি জাকির হোসেনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ, অফিসার ইনচার্জ (ওসি) মন্জুরুল আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক, গুরুদাসপুর 















